১২ মে ২০২০


জমজমাট হাসান মার্কেট, ব্যবসায়ীদের সিদ্ধান্ত উপেক্ষিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদনঃ সিলেট নগরীর বিখ্যাত হাসান মার্কেট সিলেটের ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্ত উপেক্ষা করে একাই মার্কেট খোলা রেখে ব্যবসা করে যাচ্ছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেন। মার্কেট খোলা থাকায় ধীরে ধীরে ক্রেতারাও মার্কেটে ভিড় করেছেন। একেক দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় হওয়ায় ভেঙ্গে পড়েছে সামাজিক দূরত্ব। কোথাও মানা হয়নি সামান্য স্বাস্থ্যবিধি।

এদিকে মার্কেটের ব্যবসায়ী বলছেন, প্রায় দেড় মাস থেকে দোকান বন্ধ থাকায় বেশিরভাগ ব্যবসায়ী কর্মচারীর বেতন দিতে পারছেন না। আবার বেশি সময় দোকান বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছেন। সেজন্য নিরুপায় হয়ে দোকান খুলতে হয়েছে।

যদিও গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে জনস্বাস্থ্য বিবেচনায় সিলেট নগরীর কোনো শপিং মল ও বিপণী বিতান না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেদিন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সিলেটের হাসান মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও তাঁরাও একমত হন।

কিন্তু সকল সম্মতি আর সিদ্ধান্তের বাইরে গিয়ে মার্কেট খুলে দেন তাঁরা। এতে সিলেটের অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলো হতবাক হয়েছে। তবে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, দোকান বন্ধ রাখার নির্দেশনা সত্ত্বেও কিছু ব্যবসায়ী দোকান খুলেছেন। আমরা বিষয়টি বসে সমাধানের চেষ্টা করছি।

আর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, আমি হাসান মার্কেটের ব্যবসায়ীদের দোকান খোলার বিষয়ে জিজ্ঞেস করলে তারা আমাকে বলেছেন, নগরীর হকার্স মার্কেট খোলায় তাঁরাও দোকান খুলেছেন। তবে আমরা আলাপ-আলোচনা করছি। দেখি আগামীকাল হয়তো তারা দোকান নাও খুলতে পারেন। যদি তারা দোকান খোলাই রাখেন তাহলে আমাদের কিছু করার নাই। কারণ সরকারি নির্দেশনায় আছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে। সেজন্য আমরা তো কাউকে জোড় করতে পারি না।

প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে।

শেয়ার করুন