২৩ মার্চ ২০১৯
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক ছাত্র হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার মধ্যরোত এ আগুনের সূত্রপাত হয়।
হলের শিক্ষার্থীরা জানান, রাতে হলের এ ব্লকে গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আবাসিক শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে হলের বাইরে অবস্থান করেন। এ ঘটনার সময় শাবিপ্রবির প্রশাসনের কেউ হলে আসেননি বলে শিক্ষার্থীরা ক্ষোভপ্রকাশ করেছেন। আগুন লাগার প্রায় আধাঘণ্টা পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শিমুল মোহাম্মদ শফি জানান, গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। গ্যাস লাইনের মেইন সুইচ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, আমাদের গ্যাসের লাইনের সব ধরণের কাজ সিলেট গ্যাস অফিসের লোকজন দিয়ে করিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ে এ সেক্টরে কোনো দক্ষ টেকনিশিয়ান নেই।
প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, গ্যাসের লাইনে আগুন লাগার বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্যাস অফিসে ফোন দিয়েছি। তবে কয়েকবার ফোন দেওয়ার পরও গ্যাস অফিসের কেউ ফোন ধরেনি। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।