২১ মার্চ ২০১৯


জাফর ইকবালের উপর হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে লেখক অধ্যাপক জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গত বছর ৩ মার্চ বিকালে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালান মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।

বৃহষ্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার মামলার বাদী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সাক্ষ্য গ্রহণ করেন। বাদীর সাক্ষ্য গ্রহণের সময় ফয়জুলসহ ছয় আসামি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের এপিপি মাসুক আহমদ বলেন, আলোচিত এ মামলায় ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। হামলার সঙ্গে জড়িত বলে ফয়জুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত বছর ৪ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। তার আগে ২৬ জুলাই ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। ঘটনার বিভিন্ন স্থির চিত্র, বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

শেয়ার করুন