১৮ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ

সিলেট : ফেঞ্চুগঞ্জে উপজেলা নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ৩৬টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ৭২ হাজার ৬৫৪জন।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ১২ হাজার ৮শ ৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬শ ৮৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহিরুল ইসলাম মুরাদ। তিনি তালা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৫শ ৫৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাহাদ মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ৮শ ৪টি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেলিনা ইয়াসমীন। তিনি ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৮শ ৬৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহিনী বেগম কলস প্রতীকে ভোট পেয়েছেন ৯হাজার ৩শ ৪টি।