১৪ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি

কানাইঘাট : সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমির উদ্দিন উপজেলার ৮ নম্বর ঝিঙ্গাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর ছেলে।
বুধবার রাতে টাকার হিসাব নিকাশের জেরে উপজেলার গোয়ালজুড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এদিন রাত পৌনে ৮টার দিকে জল-মহালের টাকার হিসাব-নিকাশ নিয়ে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ পক্ষের আমির উদ্দিন ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত আমির উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।