১১ মার্চ ২০১৯
উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ

হবিগঞ্জ : এক্সিম ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছদ্মবেশী একটি প্রতারক চক্র এক প্রবাসীর স্ত্রীর ২১ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত এক্সিম ব্যাংক কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের সাজেরা নামক জনৈকা এক মহিলা এক্সিম ব্যাংক নবীগঞ্জ শাখায় ওমান থেকে তার স্বামী কর্তৃক প্রেরণ কৃত টাকা উত্তোলন করতে সোমবার সকাল ১২ টার দিকে ব্যাংকে আসেন। ২১ হাজার টাকা উত্তোলন করে ফেরার পথে ব্যাংকের সামনে আসা মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতারক চক্র ওই মহিলাকে ভাল মন্দ জিজ্ঞাসা করে পরিচয় দেয় সে একজন বড় ‘পীর’। সে ফুঁ দিলে নাকি যত টাকাই থাকুক তা ডাবল হয়ে যাবে। এমন লোভে পড়ে ওই মহিলা প্রতারকদের ফাঁদে পা দেন।
তখন মহিলা বলেন, ‘আমার ব্যাগে ২১ হাজার টাকা আছে’। এসময় প্রতারক চক্র বলে পীর সাহেব ফুঁ দিলেই ব্যাগের ভিতরে থাকা ২১ হাজার টাকা ২১ লাখ হয়ে যাবে। তাদের কথা মতো মহিলার চোখ বন্ধ করেন আর ফুঁ দেয় কথিত ‘পীর’।
এর পরেই ২১ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয় প্রতারক চক্র। প্রাইভেট কার ঢাকা (মেট্রো- ভ ০২-১২৯৯) নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়।
প্রাইভেটকারের পিছনে ধাওয়া দিয়ে প্রতারক চক্রসহ কারটি আটক করেন নবীগঞ্জ মিনি বাস সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনসহ স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন ৩ প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
থানার সেকেন্ড অফিসার এসআই শামছুল ইসলাম, এস আই ফখরুজ্জামানসহ একদল পুলিশ প্রতারকচক্রকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রতারণায় ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।