১১ মার্চ ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করলেন টানা চারবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এবার এ উপজেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম।
রোববার রাতে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল বিষয়টি জানান।
ইউএনও জানান, এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারবার নির্বচিত সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। তবে কে কত ভোট পেয়েছেন তা জানাতে একটু সময় লাগবে।
প্রসঙ্গত, সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা চারবার নির্বাচিত হন সৈয়দ আহমদুল হক। এবার পঞ্চমবারের মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বাড়ি সদর উপজেলার পইল গ্রামে। এলাকায় পইলের ‘সাব’ বলে তার খ্যাতি রয়েছে। বিভিন্ন স্থানে রয়েছে হাজারো ভক্ত-অনুসারী। যে কারণে তিনি টানা চারবার নির্বাচিত হন বলে জানান স্থানীয়রা।