১০ মার্চ ২০১৯


হবিগঞ্জে প্রবাসী খুন, আটক ৩

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটের সাদকপুরে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে প্রাণ হারিয়েছেন লাল শাহ (৩৫) নামে এক সৌদি প্রবাসী। নিহত লাল শাহ ওই গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ওই গ্রামের জাবেদ আলী (৫০), তার ছেলে শাহ আলম (২৫) ও বাবু মিয়া (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহত লাল শাহের ছেলে ফরহাদ মিয়াকে (৫) মারধর করে ভাতিজা শাহ আলম (২৫)। এ নিয়ে লাল শাহ প্রতিবাদ করলে শাহ আলমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ আলম চাচার ওপর চড়াও হন এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান সোহাগ মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার লাল শাহের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তিনি দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।

চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নিহত লাল শাহের পাসপোর্ট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শেয়ার করুন