১০ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ১৭টি উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানান বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, সদর, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর এবং হবিগঞ্জ জেলার সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলাতেও ভোটগ্রহণ করা হবে। এ ধাপে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও প্রভাব খাটানোর অভিযোগ এনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে অস্ত্রসহ একজন পুলিশ, অস্ত্রসহ একজন আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন আনসার (এপিসি), আনসার সদস্য ১০ জন (লাঠিসহ) এবং একজন চৌকিদার/দফাদার (লাঠিসহ)।
গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৫ থেকে ১৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তাদের মধ্যে অস্ত্রসহ দুইজন পুলিশ, অস্ত্রসহ একজন আনসার (পিসি), অস্ত্র/লাঠিসহ একজন আনসার (এপিসি), আনসার সদস্য ১০ জন (লাঠিসহ) এবং এক থেকে দুইজন চৌকিদার/দফাদার (লাঠিসহ)।