৪ জুন ২০২২


সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, আবারও বন্যার শঙ্কা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ইতোমধ্যে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি ‍উন্নয়ন বোর্ড-পাউবো। লাগাতার বৃষ্টি হতে থাকলে সিলেট আবারও বন্যার কবলে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গত মাসেই সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়ে যায় সিলেটে। ১১ মে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় নগরের বেশিরভাগ এলাকাসহ জেলার ১২ টি উপজেলা। এই বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেট। বন্যায় বিপর্যস্ত হয় মানুষের জীবন। ভেসে যায় খামারের মাছ, ভেঙে যায় সড়ক, বাঁধ, ঘরবাড়ি। ক্ষতি হয় শত শত কোটি টাকার। এখনও জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে বন্যার পূর্বাভাস পাওয়া গেল।

সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি, লোভা ছড়া নদীর পানি কিছুটা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বৃদ্ধি পাবে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেছেন, সুরমা নদীর কানাইঘাট সীমান্তে বৃহস্পতিবার ছিল ১১.০৮ মিটার, শুক্রবার বিকাল ৩টায় ১২.০৩ মিটার, সুরমার সিলেট সীমান্তে বৃহস্পতিবার ছিল ৮.৯১ মিটার আর শুক্রবার বিকেলে ৯.৫১ মিটার। কুশিয়ারা নদীর আমলশীদ সীমান্তে বৃহস্পতিবার পানি ছিল ১৩.০২ মিটার; শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৩.৬৫ মিটার। একই নদের শেওলা ও শেরপুর সীমান্তের পানি বেড়েছে। এছাড়া সারি ও লোভা নদীর পানি কিছুটা বেড়েছে। লাগাতার বৃষ্টি হলে পানি দ্রুত বাড়বে বলে আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন