১১ মার্চ ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট: নগরীর ব্যস্ততম সড়ক জিন্দাবাজার-বন্দরবাজার সড়কের কালভার্ট নির্মাণকাজ চলছে দীর্ঘ দিন ধরে। এতে চলাচলে যেমন অসুবিধা হচ্ছে তেমনি ওই এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকল্প সড়ক দিয়ে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। অনেকে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন না। তীব্র যানজট থেকে মুক্তি ও ব্যবসায়ীদের ক্ষতি থেকে রক্ষা করতে খুব দ্রুত কাজ শেষ সড়কে যানচলাচলের উপযোগী করে দিতে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আর পথচারিদের যাতায়াতের জন্য ভরসা ভাঙ্গা কালভার্টের পাশের সরু রাস্তা। আর অন্যদিকে কালভার্টের সড়কজুড়ে পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে হকাররা। পুরো সড়কটাই যেন হকার আর নির্মাণ সামগ্রীর দখলে।
জিন্দাবাজারের ব্যবসায়ী আমির আহমদ বলেন, ‘এই কালভার্টের নির্মাণ কাজ শুরুর পর থেকে আমাদের ব্যবসা বানিজ্য নাই বললেই চলে। দ্রুত গতিতে কাজ শেষ করে এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি দেয়া হোক ।’
সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহছানুল হক তাহের বলেন, ‘এই একটি কালভার্টের জন্য জিন্দাবাজার তথা নগরবাসীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। একসাথে কালভার্টটি নির্মাণ না করে একপাশ একপাশ করে তৈরী করলে মানুষের এতো দূর্ভোগ হতো না।’
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ত আছেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
উল্লেখ্য, জিন্দাবাজারের তিনতারা মার্কেটের সামনের পুরাতন সরু কালভার্টটি ভেঙে সেখানে বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এ কারণে গত ১৯ ফেব্রুয়ারি থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।