২৬ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের সামনের সড়কে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সমিতির ব্যানারে মানববন্ধন শেষে শিক্ষক মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা নরসিংদীতে অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, একের পর এক শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং এর কোনো সুষ্ঠু বিচার না হওয়ায় দিনদিন তা বেড়েই চলছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষকবৃন্দ।
বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াছ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, মো. অহিদুজ্জামান, আব্দুল হাকিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শুভাষ চন্দ্র দেব প্রমুখ।