২৫ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বেনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রামে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪টি পরিবারের আধাপাঁকা টিনসেটের বসতঘর। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার দিবাগত গভীর রাতে ঐ গ্রামের মৃত মুক্তার মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেটের ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা না আসায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুণ নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপূর্বেই পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি বসতঘরের সকল মালামাল। বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে ।
এদিকে, খবর পেয়ে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাড় তালুকদার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার ও শীতের কম্বল প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।
জানা গেছে, রবিবার রাত আনুমানিক আড়াইটায় উপজেলার জয়নগর গ্রামেমৃত মুক্তার মিয়া বসতঘরে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তি মনির মিয়া, সিরাজ মিয়া, ইলিয়াস মিয়ার বসত ঘরে। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন শুধু পড়নের কাপড় আর শিশু বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, চাল, ডালসহ ৪টি পরিবারের যাবতীয় আসবাবপত্র।
অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ৪টি পরিবারের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।