২২ ফেব্রুয়ারি ২০১৯


ছুটির দিনে পর্যটক মুখর সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিনের ছুটিকে ঘিরে পর্যটকমুখর সিলেট। দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে এসেছেন সিলেটে। বৃহস্পতিবার সিলেটের নানা পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকদের উপচে পড়া ভীড়।

পর্যটকদের মন কাড়তে প্রকৃতি কন্যা সিলেটের যেন জুড়ি নেই। এখানকার হাওর-বাঁওড়, সবুজ চা বাগান, পাথরের পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ পানি মনকে যেনো ধুয়ে-মুছে নতুন স্বপ্নে রাঙাতে সিলেটে ছুটে এসেছেন পর্যটন পিপাসুরা।

সিলেটের জাফলং, লালাখাল, বিস্তীর্ণ চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ভোলাগঞ্জ, বিছনাকান্দি, উতমাছড়ার পাথররাজ্যসহ ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহঃ) মাজারে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটির সাথে যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে তিনদিন ছুটি কাটাতে অনেকেই স্বপরিবারে ছুটে এসেছেন সিলেটে। সিলেটের এসব পর্যটন স্পটে সারাবছরই বিশেষ করে পর্যটন মওসুমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর ছুটির দিন হওয়ায় পর্যটকদের আনাগোনায় মুখরিত ছিল বেশিরভাগ পর্যটন স্পট।

এদিকে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর সিলেটের পুলিশ প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনদিন ছুটি পেয়ে ঢাকা থেকে স্বপরিবারে সিলেটে এসেছেন ইস্পাহনী গ্রুপের আইটি সেক্টরের কর্মকর্তা ফয়েজ উদ্দিন খান।

তিনি বলেন, সময় পেলেই সিলেটে আসি। প্রকৃতির এই অপরূপ লীলাভুমির প্রতি আমাদের অন্যরকম টান। এবার একটু বেশি সময় পেয়েছি। তাই পরিবার পরিজন নিয়েই এসেছি।

হযরত শাহজালাল মাজার এলাকায় কথা হয় খুলনা থেকে আসা কলেজ ছাত্র মুহিনের সাথে। তিনি জানান, আমরা মিলে আসবো ভাবছিলাম। কিন্তু সময় হয়ে উঠেনি। আজ এসেছি সিলেটে। ৩/৪দিন থাকবো। চেষ্ঠা করবো সিলেটের সবকটি পর্যটন স্পট ঘুরে দেখার।

ঢাকা গাজীপুরের কাপসিয়া এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবি আব্দুল্লাহ মামুন জানান, চাকরির কারণে ঘুরাঘুরি আগের মত হয় না। ঈদেও ছুটিতে স্বজনদের বাড়িতেই সময় কেটে যায়। তাই সিলেটে আসা হয় না। এবার তিনদিন ছুটি পেয়েছি ভাবলাম সিলেট ঘুরে আসি।

তিনি বলেন, সিলেটের আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। তবে আগে হোটেল বুকিং না করায় হোটেলে রুম পেতে কিছুটা কষ্ট হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, পর্যটকদের ব্যাপারে আমরা আগেও তৎপর ছিলাম। পর্যটকরা যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হয় সে জন্য সিলেট নগরীর প্রতিটি স্পটে পুলিশ মোতায়েন থাকে।

তিনি বলেন, বৃহস্পতিবার সিলেটে পর্যটকদের উপচে পড়া ভীড় রয়েছে। সেজন্য নগরীর প্রতিটি মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তাছাড়া যানজট নিরসনে ট্রাফিক বিভাগ সকাল থেকে আমাদের সহযোগিতা করেছে।

শেয়ার করুন