১৮ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ এবং তার ভাই জিকে গফফারসহ বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার অভিযোগ এনে দায়ের করা পৃথক ৪টি মামলায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, একাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে হবিগঞ্জ শহরের গরুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজ ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগ এনে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে ৬টি মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।