১৭ ফেব্রুয়ারি ২০১৯

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের উপর সড়কবিহীন ব্রিজটি নির্মানের ২১ বছর পেরিয়ে গেলেও ব্রিজের দু-পাশে কোন সড়ক না থাকায় মাঠের একপাশে দন্ডায়মান পরিত্যক্ত ব্রিজটি এলাকাবাসীর কাজে আসছে না । ফলে ঐ ব্রিজের পাশ দিয়ে গ্রামবাসীর ব্যবহৃত সড়কে ব্রিজ না থাকায় চরম দূর্ভোগে রয়েছেন পশ্চিম ভবানীপুর গ্রামসহ আশপাশ এলাকার জনসাধারণ।
এলজিইডি অফিস ও পৌর কর্তৃপক্ষ বলছেন, ব্রিজ নির্মাণের তথ্য না থাকায় কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, ৩টি স্প্যানে প্রায় ২৫ মিটার দীর্ঘ এ ব্রিজটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়েছে। তবে কোন দপ্তর কর্তৃক ব্রিজটির নির্মান কাজ করা হয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি জনপ্রতিনিধি, স্থানীয় লোকজনদের সাথে কথা বলেও ব্রিজটির সঠিক তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীণরা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তৎকালীন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হয়। পরবর্তীতে নির্মিত ব্রিজটি দু-পাশের সড়ক পরিবর্তন করে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসী নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে নির্মিত ব্রিজের স্থান পরিবর্তন করে নতুনভাবে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মান হওয়ায় প্রায় ২১ বছর ধরে সড়কবিহীন ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে সড়কবিহীন দন্ডায়মান ব্রিজটি জনসাধারণের কাজে আসছেনা।
এলাকার লোকজন জানান, নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্রিজটি নির্মিত হয়। ব্রিজ নির্মাণের পর এলাকাবাসী আনন্দিত হলেও কখনও ব্রিজ দিয়ে পারাপার হননি।
৯নং ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ জানান, ব্রিজটি কত সালে নির্মিত হয়েছিল তা আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে প্রায় ২১ বছর আগে নির্মান করা হয়েছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ব্রিজটির নির্মানকারী প্রতিষ্ঠানের কোন তথ্য আমার জানা নেই। তবে ব্রিজের স্থানটি পৌরসভার হওয়ায় বিষটি পৌর কর্তৃপক্ষ দেখবেন এরপরও কবে ব্রিজটি নির্মান কাজ হয়েছে, তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।