১৬ ফেব্রুয়ারি ২০১৯

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে দীর্ঘদিনের বিদ্যুতের বিলের বকেয়া বিলের টাকা আটকে আছে। এর পরিমান ৬ কোটি ৮৬ লাখ, ৯শত ৫৮টা টাকা বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী। তবে এ টাকা আদায়ে অভিযানে নামছে কর্তৃপক্ষ এমটাই জানান এই প্রকৌশলী।
এনিয়ে গত বৃহস্পতিবার বকেয়া বিল আদায়ের লক্ষে স্থানীয় বিদ্যুৎ অধিদপ্তরের কার্যালয়ে এক সভাও অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দে জেলা আওয়ামীলীগের সহভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, বিদ্যুতের উপ-প্রকৌশলী আবিবুল আজাদ পাভেল প্রমুখ। সভায় সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করার আহবান জানান বক্তারা।
উপজেলা বিদ্যুৎ অধিদপ্তরের সুত্র জানায়, ১৯৮৬ সালে এ উপজেলায় বিদ্যুতের সংযোগ দেওয়া শুরু হয়। বর্তমানে এ উপজেলায় ১৯ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুতের বয়েকা বিল রয়েছে ৬ কোটি ৮৬ লাখ ৯শত ৫৮ টাকা। এরমধ্যে আবাসিক গ্রাহকদের মধ্যে বকেয়া বিলের পরিমাণ ৩কোটি ২৪ লাখ ১৯ হাজার ৩ শত ৮৮ টাকা। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩ শত ৪৩ টাকাসহ অন্যান্য খাতে বকেয়া রয়েছে অবশিষ্ট টাকা।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে বিদ্যুতের প্রায় ৬ কোটি টাকা বকেয়া পড়ে আছে। সরকারে রাজস্ব খাত সচল রাখতে আমরা বিল পরিশোধের জন্য সচেতনতার জন্য এলাকাবাসীর সঙ্গে আলাপ আলোচনা চালিয়েছি। দ্রুত বিল পরিশোধ করা না হলে আমরা অভিযানে নামবো। এরমধ্যেই যাদের নিকট বিদ্যুতের বিল বকেয়া রয়েছে আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি।