১২ ফেব্রুয়ারি ২০১৯

অতিথি প্রতিবেদক : এবার দুদকের মামলায় আসামি হলেন জৈন্তাপুরের বিতর্কিত পাথর ব্যবসায়ী লিয়াকত আলী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযাগে সোমবার রমনা থানায় এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।
মামলার অভিযোগে বলা হয়, লিয়াতক আলী ক্ষমতার অপব্যবহার ও পেশিশক্তি ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, লিয়াকত আলী অবৈধ উপায়ে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকা দামের স্থাবর-অস্থাবর সম্পদসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেল নিজ নামে অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদসহ একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের তথ্য গোপন করেছেন তিনি।
এজাহারে আরও বলা হয়, সম্পদ বিবরণী যাচাইয়ের সময় দেখা যায়, লিয়াকত আলীর নামে মোট ৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১০৯ টাকার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তাঁর আয়কর নথিতে ঘোষিত ব্যয় ও খরচ ছাড়া ব্যবসা ও দান হিসেবে পাওয়া মোট সম্পদের মূল্য ৫৯ লাখ ৭৮ হাজার ৮৭৮ টাকা। তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার।
তবে জৈন্তাপুর উপজেলায় পাথর সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মামলা হয়েছে। উপজেলার শ্রীপুর পাথর কোয়ারির দখল নিয়ে গত বছরে একজন নিহত হবার ঘটনায় একটি হত্যা মামলায় আসামী হন লিয়াকত। এ মামলায় বেশ কয়েক মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে আসেন তিনি।
এই মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে যমুনা টিভি সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর আক্রমন করে লিয়াকত আলীর সহযোগীরা। এ ঘটনায়ও মামলার আসামী হন তিনি। এর আগে সরকারি সম্পত্তি বিক্রি করে দেবার অভিযোগে দুদক আইনে একটি মামলার আসামী হন লিয়াকত আলী।
সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা করেন উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে মো. মনির আহমদ।
এছাড়া গত সপ্তাহে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল লিয়াকত আলীকে রাজাকার পুত্র অভিহিত করে প্রধানমন্ত্রী বরাবর একটি ই-মেইল পাঠায়। যাতে তাকে মনোনয়ন না দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
ই-মেইলে তিনি অভিযোগ করেন, ‘জৈন্তাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জৈন্তাপুর এলাকার কুখ্যাত রাজাকার ওয়াজিদ আলী টেনাইর পুত্র।’