৬ ফেব্রুয়ারি ২০১৯


গোয়াইনঘাটে রবি শষ্য ক্ষেতে ইদুরের রাজত্ব

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে বিভিন্ন স্থানে রূপায়িত রবি শষ্য, বোরো ধান, গমসহ মাঠে ফলানো ফসলে ইদুরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের তিতারাই, ছোটখেল, গহড়া, শিমুলতলা, তিতকুলি, নাইন্দার হাওর, বাউরভাগ হাওর, ভিত্রিখেল, লাখেরপাড়, আহারকান্দি, পান্তুমাই, হাতিরখাল, জয়নগর, তারুখালসহ আশপাশের ক্ষেত সমূহে ফসল বিনষ্ট করছে ইদুর।

এসব এলাকার রূপায়িত ফসল ঘরে তোলার আগেই ইদুরের পেটে চলে যাওয়ায় হতাশায় পড়েছেন কৃষকরা।

কৃষকদের সাথে আলাপকালে তারা জানান, কোন রকম রোগ বালাই ছাড়াই ভালো ফসল ফলেছিল। আশানুরূপ বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ফসলের ঘোর শত্রু ইদুর এসব ফসল কেটে সাবাড় করছে। প্রতিদিনই গম, ফরাস, বোরো ধানের চারাসহ ক্ষেতের ফসল বিনষ্ট করছে ইদুর।

গোয়াইনঘাটের তিতারাই গ্রামের কৃষি উদ্যোক্তা আরশ আলী কালা মিয়া জানান আমার বিস্তৃত ফসলের মাঠ জুড়ে রয়েছে রবি শষ্য, গম, বোরো ধানসহ নানা ফসলাদি। কিন্তু ইদুরের উপদ্রবের কারনে ফসল বিনষ্টের ঘটনা ঘটছে। কৃষি বিভাগের সহযোগিতা না থাকায় আমরা দিশেহারা হয়ে আছি।

এব্যাপারে কথা হলে উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান জানান, গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে ইদুরের দ্বারা ফসল বিনষ্টের খবর শুনেছি।

আমরা যতটুকু জানতে পেরেছি গমসহ ফসলের মাঠে পানির শুন্যতার কারনে ফলাফল কম হওয়ার উপক্রম হয়েছে। গম ক্ষেতে পানির ব্যবস্থা করলে ইদুরের উপদ্রব দ্রুত কমে আসবে এবং ফসলহানির ঘটনা রোধ পাবে।

শেয়ার করুন