৫ ফেব্রুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা পৃথক ৬টি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. রইছ উদ্দিন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের একটি বেঞ্চ এবং বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুছ জামানের অপর একটি বেঞ্চ তাদের জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জে সংসহিতার অভিযোগে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেন। মঙ্গলবার আসামিরা আদালতে জামিন প্রার্থনা করলে হাইকোর্টের দু’টি বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং পরবর্তীকালে হবিগঞ্জ জজকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন।
২৫০ নেতাকর্মীর মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেল যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।
একাদশ জাতীয় নির্বাচনের অাগে ও পরে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, হবিগঞ্জ শহরের গরুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজ ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগ এনে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে ৬টি মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ শতাধিক নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়।