২ ফেব্রুয়ারি ২০১৯


হবিগঞ্জে সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ৫০

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই গোষ্টির মধ্যে ভয়াবহ সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৫ টা থেকে ৭ টা পর্যন্ত টানা দুই ঘন্টা উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও অন্যান্য আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, ওই গ্রামের সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী ও ইউপি সদস্য মাহফুজ আহমেদ তালুকদারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। উল্লেখিত সময়ে উভয় পক্ষের লোকজন স্থানীয় একটি পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আশংকা জনক অবস্থায় টেটাবিদ্ধ ছাওয়াল মিয়া, খাইরুল আমীন, পারভেজ, আবু তাহের ও তোফায়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নুরুল আমীন, মোজাম্মেল, আউয়াল, শারাজ মিয়া, সহিবুর রহমান, আহাদ মিয়া, কাওসার মিয়া, মুবিন আহমেদ, রুবেল মিয়া, আলী আহমেদ, আফরোজ মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাছুম মিয়া, তাজ বানু, জাহানারা বেগম, ফাহিম মিয়া, আব্দুল হেকিম, মারুফ আহমেদ, মশাই মিয়া কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন