২৮ জানুয়ারি ২০১৯


বহিষ্কার হচ্ছেন সুলতান মনসুর !

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সমর্তন নিয়ে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর এমপি হিসেবে শপথ নেয়ার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি তার সিদ্ধান্তে অটল থাকেন তবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

গণফোরামের দলীয় সূত্রে জানা গেছে, গণফোরামের অধিকাংশ কেন্দ্রীয় নেতা সংসদে যোগ না দেওয়ার পক্ষ নেওয়ায় ড. কামাল হোসেনও এখন চাচ্ছেন না, ঐক্যফ্রন্ট ভেঙে দুজন সদস্য সংসদে যোগ দেন। তবে সুলতান মনসুর শপথ নেয়ার জন্য ইতিমধ্যে নিজের সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যদি শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে অটল থাকলে তাকে বহিষ্কার করা হবে। তার সাথে যদি মোকাব্বির খানও একই সিদ্ধান্ত নেন তবে তার উপরও একই খড়গ নেমে আসবে।

গত দুদিন থেকে সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। যার প্রেক্ষিতে সিঙ্গাপুরে অবস্থান করা ড. কামাল হোসেনকে বিষয়টি অবগত করেন দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। জবাবে ড. কামাল হোসেন তাকে বলেন, ‘ওরা যদি যেতে চায়, তবে ওদের বহিষ্কার করে দাও’।

তবে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানআজকের সিলেটকে বলেন, আমি যেহেতু একটি দলের এমপি তাই দরের সিদ্ধান্তই চুড়ান্ত। বিশেষ করে আমার নেতা ড. কামাল হোসেন যে নির্দেশ দিবেন তা ই আমার সিদ্ধান্ত। আমি দলীয় সিদ্ধান্তে বাহিরে যাব না।

বহিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুলতান মোহম্মদ মনসুর বলেন, আমি আমার সিদ্ধান্ত বলে দিয়েছি। কে কি বললো এতে আমার কিছু আসে যায় না। আমি গণফোরামের কেউ না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আমি টেলিফোনে দলের সভাপতি ড. কামাল হোসেনকে জানিয়েছি। তিনি আমাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছেন। তবে যেহেতু তিনি কালকে (২৯ জানুয়ারি) দেশে ফিরছেন সেহেতু আমি ব্যবস্থা নেইনি। তবে তারা (দুই সংসদ সদস্য) যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‘আমি গণফোরামের কেউ না’, সুলতান মোহাম্মদ মনসুরের এমন বক্তব্যের বিষয়ে সুব্রত চৌধুরী বলেন, তিনি তো গণফোরামে যোগ দিয়ে দলীয় চিঠি নিয়ে নির্বাচন করেছেন। এখন যদি জাতীয় বেঈমান হতে চান তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, ধানের শীষ নিয়ে নির্বাচন করায় জোটের সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিলে বিএনপি তার সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনে চিঠি দিলে তার সদস্য পদ থাকবে না।

শেয়ার করুন