১৭ আগস্ট ২০১৭


হবিগঞ্জে পাইপগানসহ তিন শিবিরকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় শিবির অফিসে অভিযান চালিয়ে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সারোয়ার, মোস্তাকিম বিল্লাহ এবং নাজমুল হোসেন অপু।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পাইপগানসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, ২১ আগস্ট উপলক্ষে হবিগঞ্জসহ বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য পেয়ে বুধবার রাতে শহরের অনন্তপুর এলাকার শিবির অফিসে অভিযান চালায় পুলিশ। অভিযানে শিবির কর্মীদের হামলায় সদর থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ও এসআই অরুপ কুমার চৌধুরী, রকিবুল হাসানসহ তিন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, পরে অফিসটিতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, তিনটি রামদা, ১১ চকলেট বোমা, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি মোটর সাইকেল, চারটি বাইসাইকেল ও কয়েক হাজার জিহাদি বই উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মোবাইল ফোন চেক করে হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিদের তালিকা পাওয়া গেছে। যাদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

 

(আজকের সিলেট/১৭ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন