২৬ জানুয়ারি ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও মাধবটিলা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার ৪ বছর পর এক পলাতক আসামি হবিব মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আদমপুর ইউনিয়নের রাজকান্দি কামারছড়া এলাকার শরিফ উল্যার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই মো. হুমায়ন আহমেদ, এএসআই আনিছ আহমেদ, তোফাজ্জল হোসেন ও এএসআই সুষেন চন্দ্র দাশ এর যৌথ নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোর রাতে আলিনগর ইউনিয়নের ডবলছড়া খাসিয়া পুঞ্জির বকশী টিলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওই আসামিকে গ্রেপ্তার করে। সে বিগত ২০১৫ সালের বাংলাদেশ দন্ডবিধির ৩০২/৩৪/১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩০২/১১৪ ধারায় কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় এবং আদালতের জিআর- ১৪৫/১৫ (কমল) নং মামলার ফেরারী আসামী। হত্যাকান্ডের পর দীর্ঘ ৪ বছর সে আত্মগোপেনে ছিল।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।