৯ আগস্ট ২০২০


বালাগঞ্জ বাজারে নর্দমার পানি, জন দুর্ভোগ

শেয়ার করুন

বালাগঞ্জ সংবাদদাতা : দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে বালাগঞ্জ বাজারে প্রধান সড়কের পুরাতন থানার সম্মুখে মারাত্মক গর্তের সৃস্টি হয়েছে। বিশেষ করে হাল্কা বৃষ্টি হলেই বাজারের ভিতরের সড়কের এই অংশটি হাঁটু সমান নর্দমার পানিতে সয়লাব হয়ে যায়। ফলে নর্দমার পঁচা দুর্গন্ধযুক্ত পানিতে হাঁটতে গিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে সওদা করতে বাজারে আসা হাজার হাজার পথচারীদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসী জরুরী ভিত্তিতে সড়কের উল্লিখিত অংশটি সংস্কার, বাজারে ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, স্থানীয় বালাগঞ্জ বাজারে প্রাণকেন্দ্র পুরাতন থানা সংলগ্ন পূবালী ব্যাংক, ডাকঘর, সাবরেজিস্টার অফিস ও বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তায় মাঝ বরাবর বালাগঞ্জ- ফেঞ্চুগঞ্জ সড়কের ওই স্থানে দুরবস্থার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

গত প্রায় ৫/৬ বছর যাবত বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের ওই অংশে প্রয়োজনীয় সংস্কার কাজ না করায় ওই সড়কের পুরাতন থানা রোডের অংশে সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবত সড়কে নর্দমার পানি ও কাদাজলে একাকার হয়ে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম আসলে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতায় পথচারী, ছাত্রছাত্রী, ক্রেতা-বিক্রেতাদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী এবং পথচারীরা এ অবস্থায় মারাত্মক হয়রানীর মধ্যে পড়েছেন। গর্তের কারণে প্রায়ই বাজারের মধ্যে ছোটখাট দুর্ঘটনা ঘটছে। প্রায় সময় বিভিন্ন মালামাল নিয়ে বড় ট্রাক আসলে চাকা আটকে থাকতে দেখা যায়। বাজারে চলাচলের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরাও অব্যাহত লোকসানের মধ্যেও পড়েছেন বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকাবাসী জরুরী ভিত্তিতে ওই সড়ক সংস্কার, ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। বালাগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা ছাদ উদ্দিন বলেন, এই মসজিদ বালাগঞ্জের প্রধান জামে মসজিদ। মসজিদের নিয়মিত মুসল্লিরা প্রতি ওয়াক্তে নামাজে আসতে মারাত্মক প্রতিবন্ধকতার মধ্যে পড়েন। বিশেষ করে ওই অপবিত্র ময়লাযুক্ত পানিতে মুসল্লিদের কাপড়চোপড় নষ্ট হওয়ার ফলে মসজিদে মুসল্লীর সংখ্যা আগের চেয়ে কমে গেছে।

শেয়ার করুন