১৯ জানুয়ারি ২০১৯

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ব্যস্ততম কলিয়ার কাপন-বড়কাপন সড়কে ৫ বছর পূর্বে ব্রিজ নির্মাণ হলেও আজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে, এ সড়কে যান ও জন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ বছর পূর্বে দিরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ৩০ লাখ টাকা ব্যয়ে জগদল ইউনিয়নের কলিয়ার কাপন-বড়কাপন সড়কে যানবাহন ও জনগণ চলাচলের সুবিধার্থে একটি ফুটব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও এখানে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে আছে।
কলিয়ার কাপন গ্রামের বিশিষ্ট সমাজসেবক ফখর উদ্দিন বলেন, কলিয়ার কাপন-বড়কাপন সড়কে সংযোগ সড়ক নির্মাণের জন্য কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কাজ হচ্ছে না।
জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকার জনসাধারণকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলজিইডির দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেকার হোসেন ব্রিজটি এলজিইডির নয় বলে দাবি করেন।