১৭ জানুয়ারি ২০১৯


দক্ষিণ সুরমায় রিকশাচালক খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় তুচ্ছ ঘটনার জের ধরে সেবুল মিয়া ওরফে রাজা (৩৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। নিহত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আকিলপুর গ্রামের করম আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় রিকশার গ্যারেজে থাকতেন।

বুধবার রাতে দক্ষিণ সুরমার পিরিজপুর চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রিকশা চালিয়ে এসে চকেরবাজার এলাকার একটি দোকানে বসে সময় কাটাতেন সেবুল। ওই দোকানে বসে থাকাকালীন চিপস কিনতে আসেন চকেরবাজার এলাকার আইনুল্লাহর ছেলে রাজমিস্ত্রী সোহেল মিয়া। দোকানীর কাছে এক প্যাকেট চিপস চাইলে সহযোগীতার হাত বাড়িয়ে দেন সেবুল। চিপসের প্যাকেটটি সোহেলের হাতে ছুঁড়ে দিতে গেলে মাটিতে পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন সোহেল। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে সেবুলকে মেরে ফেলার হুমকী দেন সোহেল। কিছুক্ষণ পরে সোহেল বাড়ি থেকে কাঠের রুল নিয়ে সেবুলের মাথায় এলোপাতাড়ি আঘাত মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্ ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার এসআই লোকমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে সোহেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন