১৫ আগস্ট ২০১৭
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে সামবার রাতে নিখোঁজের পরদিন মঙ্গলবার সকাল ১০টায় গোলাপ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সাকিরা বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঐ গ্রামের নিহত গোলাপ আলীর সাথে তারই চাচাতো ভাই তালেব আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে থানা ও আদালতে।
এদিকে সোমবার রাতে গোলাপ আলীর ঘরের চালের উপর দিয়ে ডিসের লাইন টানানো নিয়ে তালেব আলীর সাথে বাকবিতন্ডতার এক পর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারপিট করে। এই ঘটনায় গোলাপ মিয়া সোমবার রাতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করার জন্য থানা যান এবং মামলা দায়ের করার পর রাত থেকেই গোলাপ মিয়া নিখোঁজ হয়ে যায়।
সারারাত খোঁজাখুজির একপর্যায়ে মঙ্গলবার সকালে চরগাঁও গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে একটি নির্জনস্থানে গোলাপ আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান এ ঘটনায় সন্দেভাজন একজনকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাপ আলীর মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হব।
(আজকের সিলেট/১৫ আগষ্ট/এসটি/ঘ.)