১৩ জানুয়ারি ২০১৯

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে পুকুর থেকে রিয়াদ আহমদ (২৩) নামের এক কোরআনে হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিয়াদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রায়নগর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও উত্তর থানাগাঁও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফজ ফাইনাল বর্ষের ছাত্র ।
রোববার সকালে উপজেলার উছমানপুর ইউপির উত্তর থানাগাঁও গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মৌলভী ফজলুর রহমানের পুকুর থেকে রিয়াদের লাশ উদ্ধার করা হয়।।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে রিয়াদ তার লজিং বাড়ি থেকে মাদ্রাসায় এসে মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ির পুকুরে গোসল করে আবার মাদ্রাসায় ফিরে আসে।
জোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক খোঁজাখোঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে রিয়াদের পিতা সবুজ মিয়াকে বিষয়টি অবহিত করেন।
রিয়াদ আহমদ মৃগী রোগী থাকায় তার পিতা মাদ্রাসা কর্তৃপক্ষকে পুকুরে খুজার জন্য অনুরোধ জানালে আজ রোববার সকালে ছাত্ররা পুকুরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পানির নিচে রিয়াদের মৃত দেহের সন্ধ্যান পায়।
বিষয়টি মাদ্রাসা শিক্ষকরা ওসমানীনগর থানা পুলিশকে অবগত করলে সকাল ১০টার দিকে পুলিশ রিয়াদের লাশ উদ্ধার করে। মৃত হাফেজ রিয়াদের পিতা সবুজ মিয়া মুঠো ফোনে জানান, তার ছেলে বিগত কয়েক বছর ধরে মৃগী রোগ সহ নানা অসুস্থতায় ভুগছে আল্লাহর হুকুমেই সে পানিতে ডুবে মারা গেছে।
রিয়াদের ডাক্তারী কাগজপত্র নিয়ে তিনি ছেলের লাশ নিতে ওসমানীনগরে আসছেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম তফাজ্জল হোসেন বলেন, গত শনিবার ১টার পর থেকে রিয়াদকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। সে এ বছর মাদ্রাসা থেকে হাফিজি পরীক্ষার্থী ছিল। রোববার সকালে পুকুরে পানিতে খুঁজে তার লাশ পাওয়া যায়।
ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষকরা রোববার সকালে থানায় গিয়ে বিষয়টি অবহিত করলে আমরা উত্তর থানাগাঁও গিয়ে পুকুর থেকে হাফিজ রিয়াদের লাশ উদ্ধার করি।