১৩ জানুয়ারি ২০১৯


ঐক্যফ্রন্ট নেতারা সিলেট আসছেন সোমবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের দিন সংঘর্ষে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের পরিবারের সাথে সাক্ষাত এবং ভোটের দিন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতারা সিলেট আসছেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাঁরা সিলেট এসে পৌঁছবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আজকের সিলেটকে বিষয়টি নিশ্চত করে বলেন, ঐক্যফ্রন্ট নেতারা সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করবেন। এর পর তারা বালাগঞ্জ যাবেন। সেখানে সংঘর্ষে নিহত সায়েমের পরিবারের সাথে সাক্ষাত করে ভোটের দিন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।

তিনি বলেন, বালাগঞ্জ থেকে ফিরে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাটে নেতৃবৃন্দ ঢাকায় ফিরবেন।

জাতীয় ঐক্যফন্টের নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব ছাড়াও যাদের সিলেট আসার কথা রয়েছে তারা হলেন- বঙ্গবীর কাদের সিদ্দিকি, আসম আব্দুর রব, ডা. জাফরউল্লাহ চৌধুরী। এছাড়াও আরো কেন্দ্রীয় নেতারা আসতে পারেন।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে আসছেন ঐক্যফন্টের শীর্ষ এ নেতারা।

শেয়ার করুন