১১ জানুয়ারি ২০১৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধলাই নদীর উপর প্রায় ১৪ বছর আগে নির্মিত সেতুর পূর্ব অংশের সাইড স্লিপার ভেঙে পড়েছে। এই পথ দিয়ে এখন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঝুঁকি নিয়েই যান চলাচল করছে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে লাল নিশানা টানিয়ে স্থানটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করলেও এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ২০০৫ সালের ডিসেম্বর মাসে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধলাই নদীর উপর নির্মিত সেতুটির উদ্বোধন করা হয়েছিল। কয়েক বছরের মধ্যে ব্রিজটি এভাবে ভেঙে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারে নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল বলেন, আমরা এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।