৩ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম নাদেলের মেয়ে মাইশা চৌধুরী (১৭) ছিনতাইকারীর কবলে পড়েছেন। বুধবার নগরীর জালালাবাদ এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগ নেতা নাদেলের মেয়ে নগরীর আনন্দ নিকেতন স্কুলের ‘ও লেভেল’র ছাত্রী মাইশা নগরীর হাউজিং এস্টেটের বাসা থেকে বের হয়। জালালাবাদ এলাকায় আসামাত্র মোটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। মাইশা মোবাইল ফোন না দেওয়ায় ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তবে মাইশার চিৎকারে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এলে বড় ধরণের আঘাত ও ক্ষতি থেকে রক্ষা পায় মাইশা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জালাবাদ থানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্বল্প সময়ের ভিতরে ছিনতাইকারীদের আটক করবেন বলে আশ্বস্ত করেন।
এ ঘটনায় কোন মামলা, অভিযোগ কিংবা সাধারণ ডায়েরী করা হয়েছে কি না জানতে জালালাবাদ থানার ওসিকে কল করলেও তিনি কল রিসিভ করেননি।