১৬ জুলাই ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিএনপি কিংবদন্তী নেতা মরহুম এমএ হকের সহধর্মিনী রওশন জাহান চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
তিনি জানান- মরহুমার প্রথম জানাযার নামাজ সোমবার (১৭ জুলাই) বাদ জোহর সিলেট দরগাহ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর লাশ নেওয়া হবে তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারের কুলুমা গ্রামে। সেখানে আছরের নামাজের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, রওশন জাহান চৌধুরীর স্বামী এমএ হক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্টজন ছিলেন। সিলেট বিএনপির কিংবদন্তি এই নেতা করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩ জুলাই মারা যান।
সিলেটে জনসেবায় এক নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ছিলেন এম.এ হক। শেষ জীবনে এসে তিনি বিএনপির অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন। দলের দুর্দিনে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী। তিনি সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম এম.এ. হকের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।