১ জানুয়ারি ২০১৯


নির্বাচনের কারণে শ্রীমঙ্গল পর্যটক শূন্য

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে পর্যটক শূন্য হয়ে পড়েছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল। নির্বাচনকে ঘিরে নানা ধরনের সংঘাত সহিংসতার আশংকায় পর্যটক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

একাধিক হোটেল রিসোর্ট মালিকের সাথে কথা বলে জানা যায় নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকেই ক্রমশ কমে আসতে থাকে পর্যটকদের চাপ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রতিবছরই ডিসেম্বর মাসের শেষ দিকে লক্ষাধিক পর্যটকের সমাবেশ ঘটত চা বাগান হাওড় ও পাহাড় বেষ্টিত শহর শ্রীমঙ্গলে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে চা বাগান, হোটেল-মোটেল ও বিপণী কেন্দ্রগুলো এখন নিষ্প্রাণ। অথচ প্রতিবছর এই সময়ে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বসে লাখো পর্যটকের মিলন মেলা।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক আবু সিদ্দিক মোহাম্মদ মুছা বলেন, নির্বাচনের কারণে গত ৪/৫ দিন ধরে শ্রীমঙ্গলে কোন পর্যটক নেই বললেই চলে। তার উপর শনিবার রাত থেকে নির্বাচনের জন্য যান চলাচল জন্য বন্ধ ঘোষণা করায় শ্রীমঙ্গল এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। এক কথায় বলা যায় শ্রীমঙ্গলের পর্যটন শিল্পই এখন বন্ধ।

শ্রীমঙ্গলের গ্রিন লিফ গেস্ট হাউজের স্বত্বাধিকারী এস কে দাশ সুমন জানান, প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই সময়ে শহরের হোটেলগুলোর কোন কক্ষই খালি পাওয়া যেত না। আর এখন কোনো কক্ষেই অতিথি নেই। গত ২৭ তারিখ পর্যন্ত কিছু পর্যটক ছিলেন কিন্তু এখন একজনও পর্যটক নেই।

ইংরেজি বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনটি শ্রীমঙ্গল পর্যটক শূন্য গেলেও নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে নতুন বছরে রেকর্ড সংখ্যক পর্যটক আসবেন বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীগণ।

শেয়ার করুন