৩১ ডিসেম্বর ২০১৮

এ এস রায়হান : নির্বাচনের আগের দিন থেকেই সিলেটের চিরচেনা দৃশ্যপট বদলে যায়। এক ধরণের সুনসান নীরবতার শহরে পরিণত হয় সিলেট।
তবে সেই দৃশ্যপট আবারো পাল্টে গিয়ে যান্ত্রিক শহরের পরিণত হচ্ছে সিলেট। নির্বাচন শেষে ধীর গতিতে জমে উঠছে সিলেট নগর। নিষেধাজ্ঞা শেষে যানচলাচলও শুরু হয়েছে। যদিও এখনও পুরোপুরি জমে উঠেনি।
জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষে সোমবার সকাল থেকেই সিলেটে যানবাহন চলাচল করতে শুরু করেছে। যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও কম। নির্বাচন উপলক্ষে নিয়ন্ত্রিত যান চলাচলে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে যান চলাচল করছে।
ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় বাস টারর্মিনাল ও কুমারগাঁও বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাস চলছে। তবে এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে মোটরসাইকেলের ওপর।
গত শনিবার ও রবিবার এই দুইদিন সিলেট নগরের প্রায় মার্কেট, দোকানপাট বন্ধ ছিল। সোমবার সকাল থেকেই নগরে বেশ কর্মব্যস্ততা লক্ষ করা গেছে। তবে স্বাভাবিকের তুলনায় নির্বাচনের পরের দিনে অনেকাংশে অবসর কাটাতেই হচ্ছে দোকান মালিকদের।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদাড়ি বাড়ানোর পাশাপাশি সাদাপোশাকি পুলিশও ছিলেন সতর্ক অবস্থানে। সোমবার নির্বাচনের পর দিনেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সিলেটে।
এদিকে এখন পর্যন্ত নগরে কোনো দলের সভা সমাবেশ লক্ষ্য করা যায় নি।