৩০ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সবগুলো কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে জানা গেছে, ১ লাখ ১৭ হাজার ৮৯১ ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সর্বশেষ খবর অনুযায়ী হবিগঞ্জ-২ আসনে বানিয়াচংয়ের ১০৫ এবং আজমিরীগঞ্জের ৪৪টি কেন্দ্র নিয়ে সর্বমোট ১৪৯টি কেন্দ্রের ফল গণনায় মজিদ খান পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৪৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬ হাজার ৫২টি ভোট।
এছাড়া নিজ কেন্দ্রেও বিপুল ব্যবধানে জয় পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। নিজ কেন্দ্র কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২১২ জন। এর মধ্যে ২ হাজার ৪১টি ভোট একাই পেয়েছেন মজিদ খান। এই কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল বাছিত আজাদ পেয়েছেন মাত্র ৮টি ভোট। এছাড়াও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শংকর পাল লাঙ্গল প্রতীক নিয়ে ৮টি ভোট পেয়েছেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২(বানিয়চং-আজমিরীগঞ্জ) আবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সারা দেশের ন্যায় হবিগঞ্জ-২ আসনেও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৯৮১ জন। এর মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৯৯৫ টি ভোট কাস্ট হয়েছে।