২৮ ডিসেম্বর ২০১৮

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে জুড়ী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী নৌকা মার্কাকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগে যোগ করেছেন।
বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার বেলাগাঁওস্থ তাঁর বাড়ীতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপিকে নৌকা উপহার দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগ দেয়।
উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি একটি নীতি-আদর্শহীন সংগঠন। আদর্শহীন রাজনীতি কারো মঙ্গল করতে পারেনা। জামায়াতই বিএনপি ধ্বংসের কারন। আজ সেই বিএনপি আরেক আদর্শহীন ড. কামাল হোসেনের কাধে ভর করেছে। আদর্শের সাথে কোন আপোষ নেই। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।
যোগদানকারী বিএনপি নেতা মুজিব বলেন, বিএনপি প্রার্থি কালো টাকা ছড়িয়ে নির্বাচনী বৈতরনি পাড়ি দিতে চান। তিনি বোকার স্বর্গে বাস করেন। ভোটের পর তাঁকে আর খোঁজে পাওয়া যাবেনা। ঢাকার মানুষ ঢাকায় চলে যাবেন। আমি কোন রাজনৈতিক স্বার্থে নয়, এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগে যোগ দিয়েছি। ইনশা আল্লাহ আমাদের প্রতিটি সেন্টারে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে বিএনপি রাজনীতির কবর রচনা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ।
এছাড়া জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।