২৫ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) মহাজোট মনোনিত প্রার্থী সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, যারা শেখ হাসিনার সাথে প্রতারণা করেছেন সেসব বেয়াদবদের স্থান তাঁর কাছে নেই। আজ এই দেশের সকল মানুষ বিশ^াস করে আগামীর সরকার শেখ হাসিনার সরকার। আমি মহাজোটের প্রার্থী, ব্যর্থ হলে আমাকে শেখ হাসিনা মনোনয়ন দিতেন না। তিনি আমার সফলতা সম্পর্কে কিছু না কিছু জেনেছেন তাই আমাকে আপনাদের কাছে মনোনিত করে পাঠিয়েছেন। গতবার ছিলাম আধা সরকারীদল, আধা বিরোধীদল। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে এসেছি, এবার পুরা সরকারীদল। আমি এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। এবারও নির্বাচিত হলে অন্য সময়ের তুলনায় বেশি উন্নয়ন করব।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাদিপুর ইউপির শেরপুর নতুনবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের সমর্তনে স্থানীয় আ.লীগ কর্তৃক আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আ.লীগ নেতা সাঈদ উদ্দিন সাজুর সভাপতিত্বে ও আ.লীগ নেতা সফর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, ইউপি সদস্য আজিজুর রহমান, আব্দুল বশির, উপজেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ফয়ছল আহমদ, অজয় দেব, কামাল আহমদ প্রমূখ।