২৫ ডিসেম্বর ২০১৮


প্রধানমন্ত্রীর ‘লজ্জ্বায়’ খুশি রেজা কিবরিয়ার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের আমলের অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়াকে লজ্জ্বাকর বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ‘লজ্জ্বা পাওয়ায়’ নিজে খুশি বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। একইসঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি গর্বিত বলেও মন্তব্য হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।

গত ১৮ নভেম্বর আচমকা গণফোরামে যোগ দিয়ে আলোচনায় আসেন রেজা। বিএনপি সরকারের আমলে খুন হওয়া শাহ এমএস কিবরিয়ার ছেলে রেজার বিএনপির প্রতীক ধানের শীষে প্রার্থী হওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

গত শনিবার সিলেটে এসে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রেজার ধানের শীষ প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় রেজা কিবরিয়াকে উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, ‘নিজের পিতার হত্যাকারীদের মার্কা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া, এরচেয়ে লজ্জা আর কী হতে পারে?’

রেজা কিবরিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ ও বাহুবলে এ নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়।

এ ব্যাপারে রেজা কিবরিয়া বলেন, “প্রধানমন্ত্রী সিলেটের জনসভায় বলেছেন, আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করছি এটা লজ্জাজনক তাঁর (প্রধানমন্ত্রীর) লজ্জা পাওয়ারই কথা, তিনি লজ্জিত হওয়ার জন্য আমি খুশি। কারণ তিনি বিগত ১০ বছরেরও আমার বাবা হত্যার বিচার করতে পারেননি। তাই ধানের শীষ নিয়ে নির্বাচন করে গর্ববোধ করছি।”

তিনি বলেন, “ধানের শীষের জোয়ার দেখেই নৌকার প্রার্থী পাগল হয়ে গেছেন। এখন তিনি যেকোনো উপায়ে জয় লাভের স্বপ্ন দেখছেন।”

প্রসঙ্গত, শাহ এ এম এস কিবরিয়া শেখ হাসিনার সরকারের প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। ২০০৫ সালে এক গ্রেনেড হামলায় মারা যান কিববিয়া। এই হত্যাকাণ্ডের জন্য বিএনপিকেই দায়ী করে আসছে আওয়ামী লীগ। এ মামলায় বিএনপির কয়েকজন নেতাকে অভিযুক্ত করে চার্জশীট দেয় পুলিশ।

শেয়ার করুন