২৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং শতভাগ ফেল করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
সোমবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী গতবছরগুলোর তুলনায় এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০১৫ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২১৭টি, ২০১৬ সালে ২৪৪টি এবং ২০১৭ সালে ছিল ১৭১টি। তবে চার বছরে শতভাগ ফেল করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
এদিকে, জেএসসি পরীক্ষায় এবার সারা দেশে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান এবং শূন্য পাস করা বিদ্যালয়ের সংখ্যা এবার সারাদেশেও কমেছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডের ১১টি, ঢাকার ৫টি, রাজশাহীর ২টি এবং যশোর ও চট্টগ্রামের একটি করে প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী জেএসসিতে অংশ নিয়েও পাস করতে পারেনি।
জেএসসিতে সারাদেশে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ৪ হাজার ৭৬৯টি। গত বছর (২০১৭) শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫ হাজার ২৭৯টি। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে কমেছে ৫১০টি। জেএসসিতে এবার ঢাকা বোর্ডের ৪১৩টি, রাজশাহীর ৯১২টি, কুমিল্লার ১৫৮টি এবং যশোর বোর্ডের ২৭৬টি, চট্টগ্রাম বোর্ডের ৮৯টি, বরিশালে ৮২১টি, দিনাজপুর বোর্ডের ৩০২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে।