২৪ ডিসেম্বর ২০১৮

কানাইঘাট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নৌকা, ধানের শীষ ও লাঙল প্রতীকের প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম চলছে জোরদার। প্রার্থীরা সভা, সমাবেশ ও গণসংযোগ করছেন পুরোদমে। তবে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন এ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।
আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুক ও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ¦ সেলিম উদ্দিন তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রতিদিন কানাইঘাটের বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় এবং স্বস্ব প্রতীকের সমর্থনে ভোট দেওয়ার জন্য সভা সমাবেশ করে যাচ্ছেন। প্রচারনার দিক থেকে বর্তমানে আ’লীগ ও জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন।
গত ৩ দিনে ধানের শীষের প্রচারনার সঙ্গে জড়িত থাকার দায়ে কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বিএনপি নেতা আব্দুন নুর, কামাল উদ্দিন মেম্বার, খেলাফত মজলিস নেতা ছাব্বির আহমদ মেম্বার, ছাত্রদল নেতা ছাইদুল আলম মাসুমকে কানাইঘাট থানা পুলিশ গ্রেপ্তার হন।
ধানের শীষের সমর্থক বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীদের বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার এড়াতে প্রচারে বের হতে না পারছেন না বলে অভিযোগ উঠেছে।
রবিবার আ’লীগ সমর্থিত প্রার্থী হাফিজ মজুমদার দিনব্যাপী কানাইঘাটের রাজাগঞ্জ বাজার, নয়া বাজার, ফালজুর, মুকিগঞ্জ বাজার, ব্রম্মণগ্রাম খেয়াঘাট, মানিকগঞ্জ বাজার ও গাছবাড়ী এলাকায় কয়েকটি নির্বাচনী সমাবেশ ও পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তার সাথে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা আলাদা টিম গঠন করে নৌকার পক্ষে প্রচারনা করেন। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সেলিম উদ্দিন এমপি কানাইঘাটে গতকাল রবিবার উপজেলার মাছুখাল বাজার, বড়দেশ বাজার, ভাটিধিহি, ছত্রপুর, ইটখলা বাজার, কানাইঘাট খেয়াঘাট বাস্ট্যান্ড এলাকায় লাঙ্গল মার্কার সমর্থনে গণসংযোগ ও কয়েকটি নির্বাচনী সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন। একই দিনে ধানের শীষের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুকের সমর্থনে দলীয় নেতা কর্মীরা কানাইঘাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।