২৩ ডিসেম্বর ২০১৮


আল ইসলাহ’র সমর্থন নিয়ে ‘সুবিধায়’ মহাজোট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটাররাও যার যার পছন্দের প্রার্থির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অনেকে শেষ হিসেব নিকেষে ব্যস্ত।

সিলেটের ১৯ আসনে মূলত মহাজোট এবং ঐক্যফ্রন্ট প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাজোটকে সমর্থন করায় মহাজোটের পাল্লা ভারি হয়ে উঠছে। ভোটের মাঠে আনজুমানে আল ইসলাহ সিলেটে ফ্যাক্টর। সিলেট বিভাগের প্রতিটি পাড়া-মহল্লায় আল ইসলাহর শক্ত অবস্থান রয়েছে। সাধারণ মানুষ বলছেন আল ইসলাহর সমর্থন যেদিকে যাবে সেদিকেই জয়ের পাল্লা ভারি হবে। এ ধারণা থেকেই সিলেটের ১৯ আসনের বিভিন্ন প্রার্থীরা আল ইসলাহর সোবহানীঘাটস্থ বিভাগীয় কার্যালয়ে সমর্থন আদায়ে দৌড়ঝাঁপ করছেন।

বিগত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আনজুমানে আল ইসলাহ সমর্থন দিয়ে মহাজোটের বিজয় নিশ্চিত করেছিল এবং ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন উপজেলা ও ইউপি নির্বাচনে ভোটের মাঠে তাদের আধিপত্য দেখিয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররাই বড় ফ্যাক্টর। তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী। আর মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করায় তরুণ ভোটারদের ভোট তাদের জুড়িতেই পড়বে। এটি মহাজোটের জন্য প্লাস পয়েন্ট।

সিলেটের ১৯ আসনের প্রায় সকল এলাকাতেই আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ’র মুহিব্বিন-মুরিদানরা রয়েছেন। এই সিলসিলার শক্ত একটি অবস্থান রয়েছে সিলেটে। যার প্রভাব এই নির্বাচনে পড়বে বলে মনে করছেন ভোট বিশ্লেষকরা। ফুলতলী ছাহেব কিবলাহ’র গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মওদুদী আকিদাপন্থী জামায়াত-শিবিরের ঘোর বিরোধী। জাতীয় ঐক্যফ্রন্টে দলটি থাকায় মহাজোটকেই বেছে নিয়েছে আল-ইসলাহ।

তাছাড়া এই সরকারের আমলে আল্লামা ফুলতলী রহ. দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে মহাজোট সরকার। যা বিগত বিএনপি-জামায়াত জোট প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করে। এসব বিষয়ের কারণে আল ইসলাহ মহাজোটকে সমর্থন দিয়ে আসছে।

২০০৮ সালের নির্বাচনে সিলেটের ১৯ আসনে আল ইসলাহ’র নেতৃবৃন্দ মহাজোটের পক্ষে কাজ করেন। এবারও তারা মাঠে রয়েছেন। যে কারণে মহাজোট ইসলামী এই সংগঠনের সমর্থন নিয়ে বেশ সুবিধায় রয়েছে।

শেয়ার করুন