২২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, নৌকা আর লাঙ্গল মিলে দেশের উন্নয়ন সাধিত হবে।
শনিবার দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় সিলেট-২ আসনের বর্তমান এ সাংসদ তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমার প্রতি বিশ্বাস রেখে আমার হাতে লাঙ্গল প্রতীক তুলে দিয়েছেন। নৌকা লাঙ্গল একই মোহনায় প্রবাহিত হয়ে ৩০ ডিসেম্বর বিজয় নিশ্চিত করবে।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।