২২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : দুপরে সিলেটের আলিয়া মাদ্রাসায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট আওয়ামী লীগ।
নির্মাণ করা হয়েছে নৌকা সদৃশ্য ২০ ফুট দৈর্ঘ্যের জনসভা মঞ্চ। তবে এবারের মঞ্চ বরাবরের মতো বড় হয়নি নির্বাচনী আচরণবিধির কারণে। ৮০ ফুট মঞ্চের পরিকল্পনা হলেও পরে তা করা হয়েছে ২০ ফুটের। আচরণবিধির কারণে তৈরি করা হচ্ছে না কোনো তোরণও।
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর সিলেটে শেখ হাসিনার এই নির্বাচনী জনসভাকে ঘিরে সিলেটজুড়ে আওয়ামী লীগের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁর এই সফর সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগকে জয় পেতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
শেখ হাসিনার এই সফরকে সফল করতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জনসভার জন্য কেন্দ্র থেকে বেশ কয়েকজন নেতাও সিলেটে পৌঁছে কাজ করেছেন। আওয়ামী লীগের লক্ষ্য, নির্বাচনের আগে সিলেটে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করা। এর মধ্য দিয়ে সিলেটজুড়ে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ারের বার্তা দিতে চায় দলটি।