২১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে না পারেন তবে আওয়ামী লীগ ঘরনার সতন্ত্র প্রার্থী ড. এনামুল হক সরদারও প্রার্থী হতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যে অভিযোগে লুনার প্রার্থীতা বাতিল হয়েছে ঠিক একই অভিযোগ রয়েছে এনামের বিরুদ্ধেও। আর বিএনপির প্রার্থী উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনেও বিষয়টি উল্লেখ করেছেন। রোববার রিভিউয়ের রায় দেয়ার কথা রয়েছে।
রিভিউয়ে যদি ইলিয়াসপত্নীর আবেদন খারিজ হয় তবে এনামুল হক সরদারের প্রার্থীতাও আটকে যেতে পারে।
নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় এনাম সরদার নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন- ইমরান আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে। কিন্তু তিনি কৌশলে এটি যে সরকারী ডিগ্রী কলেজ এ তথ্য গোপন করেছেন।
তবে তার প্রচারপত্রে ইমরান আহমদ সরকারী ডিগ্রী কলেজ লেখা রয়েছে। আর গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারী কলেজে কর্মরত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না।
তাই রোববার ইলিয়াসপত্নীর সাথে এনামের ভাগ্যও নির্ধারণ হবে।
বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে সতন্ত্র প্রার্থী ড. এনামুল হক সরদারের সাথে বার বার যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্বব হয়নি।