২১ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছে, সিলেট নগরীর অবিচ্ছেদ্য অঙ্গ দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড। বিভাগীয় সদর দপ্তরসহ অসংখ্য সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা এই ৩ ওয়ার্ডে অবস্থিত। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এই ৩ ওয়ার্ডবাসীর জন্য বিভাগীয় সদর দপ্তরের পাশে একটি সরকারী হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু, ১০ বছরেও আলমপুরে সেই স্কুলটি চালু হয়নি। দক্ষিণ সুরমার ৩ ওয়ার্ডবাসীর বঞ্চনা সম্পর্কে আমি পুরোপুরি অবহিত। আগামীতে জাতীয় ঐক্যফ্রন্টের সরকার গঠিত হলে উন্নয়নে তুলনামূলক পিছিয়ে থাকা সিলেট সিটি কর্পোরেশনভূক্ত ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের উন্নয়নে বিশেষ নজর থাকবে।
শুক্রবার সকালে সিলেট সিটি কর্পোরেশনভূক্ত দক্ষিণ সুরমা কায়স্থরাইল, বারখলা ও মোমিনখলা এলাকায় গণসংযোগ পরবর্তী নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বঙ্গবীর রোড থেকে শুরু করে বারখলা, কায়স্থারাইল হয়ে পশ্চিম মোমিনখলাস্থ বাইপাস রোড পর্যন্ত গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার, মহানগর উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, মহানগর বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজল উদ্দিন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মতাহির আলী মাখন, বিএনপি নেতা রেজাউল হক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, মহানগর বিএনপি নেতা জুয়েল আহমদ, নছিবুর রহমান বেলাল প্রমুখ।