২১ ডিসেম্বর ২০১৮


সুনামগঞ্জ-২ : জমে ওঠেছে জয়া-নাছিরের লড়াই

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : হাওরবেষ্টিত রাজনৈতিক সচেতন এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে জয়া সেনগুপ্তা ও নাছির উদ্দিন চৌধুরীর মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এ আসনে ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ।

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই-শাল্লা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ১৯৯৬ সালে সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে আলোচনায় আসেন আরেক জনপ্রিয় নেতা দিরাই উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও একবারের সাংসদ নাছির উদ্দিন চৌধুরী।

২০১৭ সালের ৫ জানুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণের পর তার সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তা উপনির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান শহীদ পরিবারের সন্তান সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি সামছুল হক চৌধুরীসহ ১১ জন। এতে অনেকটা হিমশিম খেতে হয় জয়া সেনগুপ্তাকে। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত মনোনয়ন পান জয়া সেনগুপ্তা।

এবার ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন নৌকা প্রতীকে মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী।

এছাড়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও মুসলিম লীগের মাহমুদ হাসান চৌধুরী রানা, ইসলামী শাসনতন্ত্রের মাওলানা আব্দুল হাই, কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন, গণতান্ত্রিক পার্টির গুলজার চৌধুরী। নৌকা ও ধানের শীষের ভোটে ভাগ বসাবেন তারা।

সবাইকে ছাপিয়ে মূল লড়াইটা হবে জয়া আর নাছিরের মধ্যে। তবে এ আসনে রেকর্ডসংখ্যক নেতাকর্মীরা দলবদল করছেন। দলবদলে ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। জয়া সেনগুপ্তা ও নাছির উদ্দিন চৌধুরী দিরাই-শাল্লায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। দুজনই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

নৌকার প্রার্থী জয়া সেনগুপ্তা বলেন, আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত প্রয়াণের পর তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিরাই শাল্লার মানুষ গত উপনির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ শুরু করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিরাই শাল্লার মানুষ নৌকা প্রতীকে ভোট দিবেন এ আমার বিশ্বাস।

জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে এই আসনে নৌকার অস্তিত্ব থাকবে না। ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে দিরাই-শাল্লায় ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।

শেয়ার করুন