১৯ ডিসেম্বর ২০১৮

ফেন্সুগঞ্জ প্রতিনিধি : টানা দুই দিনের বৃষ্টিতে ফেঞ্চুগঞ্জে টিলা ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে ফাহিম মিয়া (৪) ও শাহিন মিয়া (৮)। তারা আপন দুই ভাই।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাইজগাঁও ইউপির মাইজগাঁও গ্রামের রবাই মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে ফাহিম ও শাহিনকে ঘরে না পেয়ে তাদের মা অনেক খোঁজাখুঁজি করেন। পরে সকাল ১০টার দিকে ঘরের পাশে টিলার মাটির নিচে তাদের খুঁজে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, শিশু দুটি টিলার নিচে খেলতে গেলে মাটিচাপায় তাদের মৃত্যু হয়।