১৭ ডিসেম্বর ২০১৮


রেজা কিবরিয়ার পোস্টার নিয়ে সমালোচনার ঝড়

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পোস্টার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া এই পোস্টারটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টারটি সঠিক নয় বলে দাবি ড. রেজা কিবরিয়ার।

জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন নেন ড. রেজা কিবরিয়া। সোমবার সকাল থেকে তাঁর একটি নির্বাচনী পোস্টার ফেসবুকে ভাইরাল হয়।

যেখানে লিখা রয়েছে- ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে মনোনীত বিএনপি জোট সরকারের হাতে নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

সকাল থেকে এই পোস্টারটি বিভিন্ন ফেসবুক আইডিতে ঘুরছে। এতে অনেকে অনেক ধরণের মন্তব্যও করেছেন। আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও বিরুপ মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন- ‘ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টারটি আমার না। চক্রান্তকারীরা আমার ইমেজ নষ্ট করার জন্য এবং আমাকে হেনস্তা করার জন্য এই পোস্টারটি গ্রাফিক্স করে ফেসবুকে ভাইরাল করে দিয়েছে।’

শেয়ার করুন