১৭ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরসূচী দুইবার পরিবর্তন হয়েছে। অবশেষে তিনি আগামী ২২ ডিসেম্বর সিলেটে আসবেন বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই সিলেট সফরে নৌকার গণজোয়ার সৃষ্টি হবে এমনটা আশা করছেন ক্ষমতাসীন দলটির সিলেটের নেতাকর্মীরা।
তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেট-১ আসনের নৌকার প্রার্থীর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি পুরো সিলেট বিভাগেই বড় ধরনের নাড়া নেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর এই আগমনে।
সিলেটে আগামী ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা ছিল। এরপর সময়সূচী পরিবর্তন করে সেটি নেওয়া হয় ২১ ডিসেম্বর। দ্বিতীয় দফা পরিবর্তন করে সেটি আগামী ২২ ডিসেম্বর চূড়ান্ত করা হয়। ওইদিন সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজলাল (রহ.), শাহপরাণ (রহ.) মাজারসহ তিনটি মাজার জিয়ারত করবেন। এরপর নগরের সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জনসভায় বক্তব্য দিবেন বলে জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ জানার পর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী সকলেই উচ্ছ¡সিত। তার এই সফরকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা ইতোমধ্যে কাজ করতে শুরু করেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘সিলেটে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন। দলের প্রধানের সিলেট সফর করবেন এতে সিলেটবাসীর মধ্যে উৎসাহ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সিলেট সফরের দিন নগরের আলিয়া মাদরাসা ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে আমাদের প্রার্থীর জন্য খুবই ইতিবাচক হবে। সিলেট-১ আসনে যেহেতু তিনি আসছেন পুরো সিলেট বিভাগেই এটার নাড়া পড়বে।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রীর এই আগমনে সিলেট আওয়ামী লীগ সার্বিক দিক থেকে উপকৃত হবে। সিলেটে মাজার জিয়ারত করার পর প্রধানমন্ত্রী জনসভায় কিছু বলবেন। সকলেই বেশ উৎসাহ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনে নির্বাচনী কার্যক্রম অনেক গুন এগিয়ে যাবে।’
এমনকি সিলেটের নির্বাচনী কর্মকান্ড ব্যাপকভাবে সাড়া ফেলবে এমনটাও মনে করেন এই নেতা।
সিলেট-১ আসনে নৌকার প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট আসছেন এটা অনেক ভালো খবর। উনি আসলে নৌকার জোয়ার শুরু হবে। আমরা উনাকে অভ্যর্থনা দেবো। নৌকার পক্ষে প্রচার কার্যক্রমে তিনি জোয়ার সৃষ্টি করবেন এটা আমাদের বিশ্বাস। আমরা এই জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের একাধিক আলোচনা হবে এবং হচ্ছে। তিনি পবিত্র মাজার শরীফগুলো জিয়ারত করবেন। তারপর তিনি সিলেটের জনসভায় বক্তৃতা দেবেন।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে উজ্জ্বীবিত সিলেটের তৃণমূল নেতাকর্মীরাও। তারা বলছেন, প্রধানমন্ত্রী সিলেট এসে অবশ্যই সিলেটকে নিয়ে তাঁর পরবর্তী পরিকল্পনার কথা জনগণকে জানাবেন। তাঁর এই সফরে তৃণমূলের নেতাকর্মীরা আরও বেশি সংগঠিত হবে এমনটাও প্রত্যাশা তাঁদের।